‘গার্মেন্টস শিল্পে ফ্যাসিবাদের এজেন্ট ঢুকিয়ে নাশকতার চেষ্টা চলছে’

‘গার্মেন্টস শিল্পে ফ্যাসিবাদের এজেন্ট ঢুকিয়ে নাশকতার চেষ্টা চলছে’

ফন্ট সাইজ:

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, বর্তমানে গার্মেন্টস শিল্পে ফ্যাসিবাদের এজেন্ট ঢুকিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তবে ফ্যাসিবাদীদের বাংলার মাটিতে কোনো জায়গা হবে না। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে ঘর ছাড়তে বাধ্য করেছিল ফ্যাসিবাদীরা। আল্লাহ তায়ালা হাসিনাকে দেশছাড়া করেছেন। ইতিহাস সাক্ষী, পলায়নকারী ফ্যাসিস্টরা কখনো দেশে ফিরতে পারে না। গতকাল সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে পবিত্র হিফজুল কোরআন ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় আলেমদের উদ্দেশ্যে তিনি বলেন, এমন এক সময় ছিল, যখন আপনারা দাড়ি-টুপি পরে চলাফেরা করতে পারতেন না। দাড়ি-টুপি দেখলেই আক্রমণ করা হতো। সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা ইসলামের হেফাজত করবো। আমাদের কোনো নেতাকর্মী ইসলামবিরোধী কাজ করলে আমরা তার বিরোধিতা করবো। প্রধানমন্ত্রীর প্রশংসা করে আমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের সবার ভাই। তিনি ওলামাদের সম্মান করেন। তিনি নীতি ও নৈতিকতার ভিত্তিতে দেশ পরিচালনা করছেন। ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতার ব্যবস্থা করেছেন। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে আমার নামে ২১৭টি মামলা হয়েছে। গত ১৭ বছরে আমি ১১ বার জেলে গিয়েছি।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মুফতি শরীফউল্লাহ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অষ্টম পর্যায়ের প্রকল্প পরিচালক এস এম তরিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মাহবুবুল আলম প্রমুখ।