নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন করে মিলেছে গ্যাসের সন্ধান। সোমবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের সুন্দলপুর সাউথ-১ এর একটি কূপে ডিলিং শেষে এই গ্যাসের সন্ধান পাওয়া যায়।
তবে ডিএসটি পরীক্ষা শেষে গ্যাসের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে এবং তা জাতীয় গ্রিডে যুক্ত হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-এর ডিলিং ইনচার্জ রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে কূপটিতে খনন কাজ শেষে সোমবার দুপুরে আগুনের শিখা জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয় এবং অতিরিক্ত আগুনের উত্তপ্ত হাওয়ার কারণে আগুনের শিখা বন্ধ করে দেয়া হয়। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের উপস্থিতিতে নতুন করে আগুনের শিখা জ্বালানো হবে বলে জানান তিনি।
