যশোরে রাতের অন্ধকারে শহরের বকুলতলায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল ও নাশকতামূলক কার্যক্রমের অভিযোগে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৪১ জনকে আটক করেছে জেলা পুলিশ। স্থানীয় সূত্রে ও আশপাশের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোমবার ভোররাতের কোনো এক সময়ে কয়েকটি মোটরসাইকেলে করে ১৫ থেকে ২০ জন মাস্ক পরিহিত দুর্বৃত্ত শহরের বকুলতলায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আসে।
এ সময় তাদের কয়েকজন প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে মূল স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করে। পরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে তারা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। জেলা পুলিশ প্রশাসন বলছে, এই ঘটনার নেপথ্যে কারা ছিল তা খুঁজে বের করতে আশপাশের বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষা- নিরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইমস অ্যান্ড অপস মিরাজুল ইসলাম জানান, জুলাই স্মৃতিস্তম্ভের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পুলিশ পাহারার ব্যবস্থা রয়েছে। জুলাই স্মৃতিস্তম্ভের পাশেই একটি পুলিশ বক্স রয়েছে। গতকাল ভোররাত ৪টা ৫০ মিনিটের দিকে যখন দুর্বৃত্তরা জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় তখনো পুলিশ বক্সে ৩ জন সশস্ত্র পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। কিন্তু কীভাবে তাদের সামনে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দায়িত্ব পালনে অবহেলার কারণে ওই ৩ পুলিশ সদস্যকে লাইনে ক্লোজ করা হয়েছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী যুবলীগের সাম্প্রতিক তৎপরতার কারণে পুলিশ প্রশাসন আরও সক্রিয়তার সঙ্গে দায়িত্ব পালন করছে।
গত ২৪ ঘণ্টায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ৪১ জনকে আটক করা হয়েছে। যাদের মধ্যে অনেকেই গত পরশুদিন ভোরে শহরে সরকারবিরোধী ঝটিকা মিছিলের নেতৃত্বে ছিলেন। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জনজীবন ও শান্তি-শৃঙ্খলা বিঘ্নকারী কাউকেই ছাড় দেয়া হবে না। নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জেলা জুড়ে পুলিশের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এদিকে এই ঘটনায় জেলা এনসিপি, গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র ঐক্যসহ বিভিন্ন ছাত্র সংগঠন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
