সামাজিক অস্থিরতা সৃষ্টির চক্রান্ত চলছে

সামাজিক অস্থিরতা সৃষ্টির চক্রান্ত চলছে

ফন্ট সাইজ:

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানি দিচ্ছে। তিনি বলেছেন, শ্রমিকদের রাস্তায় নামিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি পক্ষ। সোমবার বিকালে সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প দেশ থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর ফলে কলকারখানা, বিদ্যুৎ, সার ও গ্যাস সরবরাহের ক্ষেত্রে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। তিনি বলেন, এরপরও সামাজিকভাবে অস্থিরতা তৈরির নানা চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। গণতান্ত্রিক সহনশীলতার নীতি অনুসরণ করেই সরকার পরিস্থিতি মোকাবিলা করছে। যারা চাঁদাবাজি, মাস্তানি ও মানুষের জমি দখলসহ বিভিন্ন অপকর্মে জড়িত, তাদের বিরুদ্ধে সরকার শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে। রিজভী আরও বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। কেউ চোরাপথে বা পেছনের দরজা দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করলে তা মেনে নেয়া হবে না। এসব কর্মকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না— সেটিও খতিয়ে দেখতে হবে। জামায়াতের আমীরের আরেকটি বিপ্লবের অপেক্ষায় থাকার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, মাত্র আট মাসের সরকারকে বেকায়দায় ফেলতেই এমন চেষ্টা চলছে।

সংসদে আলোচনা না করে যারা লংমার্চ করছেন, তারা এ বিষয়ে ইন্ধন দিচ্ছেন না, এমনটা জনগণ ভাববে না। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না। তারপরও জেলা পর্যায়ে নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি প্রমুখ।