ফরিদপুরের সদরপুরে নিখোঁজের দীর্ঘ সাড়ে চার মাস পার হলেও সন্ধান মেলেনি আট বছরের শিশু সামিউলের। অবশেষ শিশুটির লাশের সন্ধানে বসতঘরের পাকা ফ্লোর কেটে রাতভর তল্লাশি চলিয়েছে ফরিদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে প্রায় ছয় ফুট গভীর গর্ত খুঁড়েও মেলেনি শিশুটির দেহাবশেষ। নিখোঁজ সামিউল সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের প্রবাসী মিরাজুল মল্লিকের একমাত্র ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ই জুন কৃষ্ণপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রাম থেকে সামিউল নিখোঁজ হয়।
এ ঘটনায় গত রোববার পিবিআই অভিযান চালিয়ে ফরিদপুর সদর ও কৃষ্ণপুর এলাকা থেকে ৪ জনকে আটক করে। আটক ব্যক্তিরা হলো- নয়াকান্দি গ্রামের আলামিন (৩৬), মোস্তফা ফরাজী (৫০), নগরকান্দা থানার ফরিদ মাতুব্বর (৩৫) এবং একই গ্রামের সুজন (৩৭)। আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১০টা থেকে ভোর ৩টা পর্যন্ত নয়াকান্দি গ্রামের সেকেন মোল্যার দ্বিতীয় স্ত্রী লাভলী বেগমের (৩৫) বাড়িতে এ পিবিআই অভিযান পরিচালনা করে। বাড়ির একটি তালাবদ্ধ ঘরের পাকা ফ্লোর কেটে ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় ছয় ফুট গভীর গর্ত খোঁড়া হলেও শেষ পর্যন্ত শিশু সামিউলের লাশের কোনো সন্ধান পাওয়া যায়নি।
অভিযান পরিচালনাকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার রবিউল ইসলাম, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, সদরপুর থানার ওসি মো. আবদুল আল মামুন শাহ এবং সদরপুর ফায়ার সার্ভিসের একটি দল। পিবিআই’র পুলিশ সুপার রবিউল ইসলাম জানিয়েছেন, নিখোঁজ সামিউলের সন্ধানে পিবিআইয়ের তদন্ত ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
