নওগাঁর নিয়ামতপুরে ২০ কোটি টাকার সড়কে বালুর বদলে মাটি দেয়ার অভিযোগ তুলেছেন এলাকাবাসী। এ ঘটনায় এলাকাবাসীর বাধার মুখে কাজ বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করেন কর্মরত শ্রমিকরা। জানা যায়, শ্রীমন্তপুর ইউনিয়নের বটতলী বাজার থেকে বাহাদুরপুর ইউনিয়নে বরিয়া জিরো পয়েন্ট পর্যন্ত ১৫ কিলোমিটার দীর্ঘ এ সংযোগ সড়কের দুই সাইড প্রশস্তকরণ কাজ করছে মেসার্স খাইরুল কবির রানা এন্টারপ্রাইজ। যার ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ কোটি টাকা। কিন্তু সেই সংযোগ সড়কে বালুর পরিবর্তে মাটি ব্যবহারের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কের দুই সাইডে বালু দিয়ে ভরাট করার কথা থাকলেও গত ২৭শে অক্টোবর গভীর রাতে মাটি মিশ্রিত ইটের টুকরো দিয়ে ভরাটের চেষ্টা করা হয়। স্থানীয়দের বাধার ফলে ২-১টি গাড়ি পেছনে যেতে বাধ্য হয়। এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে ঠিকাদারের প্রতিনিধি সাংবাদিককে বালু না মাটি তা ল্যাবে পরীক্ষা করতে বলেন। এ ছাড়া ঠিকাদারের আরেক প্রতিনিধি মুঠোফোনে অর্থের প্রলোভন দেন।
বরিয়া গ্রামের বাসিন্দা রাজু আহম্মেদ বলেন, রাস্তায় নিয়মিত পানি দেয়নি আর যেখানে খোয়া দেয়া লাগবে— সেখানে ভাটার মাটি দিয়েছে। ওখানে যে মাটিগুলো দেয়া হচ্ছে তাও নর্দমা থেকে তুলে আনা। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ঠিকাদার ইতিমধ্যে মালামালগুলো অপসারণ করেছেন।
