চট্টগ্রামে পুলিশের ওপর হামলা ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর, ফায়ার সার্ভিসের সদস্যদের ওপর হামলা এবং পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব নলুয়া এলাকার রুস্তমপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরও রয়েছে। গ্রেপ্তারকৃত অন্য দু’জন হলো— ফরহাদ হোসেন মাফি (১৯) ও মামুনুর রশিদ (২০)। তারা সবাই পূর্ব নলুয়া রুস্তমপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার পাটানিপুল ব্রিজ এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত এবং চারজন আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা চালায় একদল লোক। এ সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা দিয়ে মারধর করা হয়। ভাঙচুর করা হয় পুলিশের টহল গাড়ি। হামলার শিকার হন ফায়ার সার্ভিসের সদস্যরাও।

একপর্যায়ে পুলিশের একটি শটগান ছিনিয়ে নেয়া হয়। পরে সেটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সাতকানিয়া থানায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে মামলা করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, পুলিশের টহল গাড়ি ভাঙচুর ও শটগান ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।