জনবল সংকটে পঞ্চগড়ে চিকিৎসা কার্যক্রম ব্যাহত

ফন্ট সাইজ:

চিকিৎসক ও জনবলের অভাবে বছরের পর বছর ধরে পঞ্চগড় জেলার হাসপাতালগুলোতে অচলাবস্থা বিরাজ করছে। প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি ও আসবাবপত্রের অভাবে ১০০ শয্যার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের পাশে ৫৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৫০ শয্যার নতুন ৯ তলা হাসপাতাল ভবনটিতে ৩ বছর ধরে চিকিৎসা কার্যক্রম শুরু করা যাচ্ছে না। এতে দৈনন্দিন রোগীর চাপে ১০০ শয্যার আধুনিক সদর হাসপাতালের স্বল্পসংখ্যক চিকিৎসক ও অন্যান্য জনবলের হিমশিম অবস্থার সৃষ্টি হচ্ছে। এ হাসপাতালে প্রতিদিন ৩০০ থেকে ৩৫০ রোগী ভর্তি থাকছে। এতে রোগীদের মেঝে, বারান্দা ও চলাচলের রাস্তায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে।

এ ছাড়া, দৈনিক বহির্বিভাগে ১৫০০ থেকে ২০০০ হাজার রোগী চিকিৎসা নিতে আসছেন। আধুনিক সদর হাসপাতালসহ উপজেলা হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট লেগেই রয়েছে। সেই সঙ্গে ওষুধ, ইনজেকশন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম, অবকাঠামোগত সমস্যা, শয্যা সংকুলানের অভাবে লাখ লাখ নারী-পুরুষ ও শিশু স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমানে আধুনিক সদর হাসপাতালে ৬৩টি পদের মধ্যে ১৯ জন চিকিৎসক দায়িত্ব পালন করছেন। ১৮ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মধ্যে ১৩টিই শূন্য। আবার কোনো কোনো চিকিৎসক প্রভাবশালী লবিংয়ের মাধ্যমে কর্মস্থলে অনুপস্থিত থাকা বা অন্যত্র চলে যাওয়ারও অভিযোগ রয়েছে। টেকনোলজিস্ট ও টেকনিশিয়ান না থাকায় মূল্যবান যন্ত্রপাতি পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। সিনিয়র নার্সদের দায়িত্বে অবহেলা ও শিক্ষানবিশদের দিয়ে চিকিৎসা করানোর জন্য অনেক রোগীকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। এদিকে, চারটি উপজেলা হাসপাতালের অবস্থাও নাজুক। এ হাসপাতালগুলোতে ১৬৬ জন চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৪৬ জন। অথচ ৫০ শয্যার উপজেলা হাসপাতালগুলোতেও রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আধুনিক অপারেশন থিয়েটার ও এক্স-রে মেশিন থাকলেও চিকিৎসক ও টেকনিশিয়ানের অভাবে জনগণ কোনোটিরই সুবিধা পাচ্ছে না।

এ বিষয়ে পঞ্চগড় সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান বলেন, চিকিৎসক ও জনবল সংকটের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যের প্রচেষ্টায় ১৫০ শয্যার হাসপাতাল ভবনটি দ্রুত চালু করার চেষ্টা চলছে। সদর উপজেলা পরিষদ সভাকক্ষের এক অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, স্বাস্থ্য বিভাগে অনেক সমস্যা রয়েছে। যেগুলো আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আশা রাখি, দ্রুত ১৫০ শয্যার হাসপাতাল ভবনটিতে চিকিৎসা কার্যক্রম চালু হবে।