বলিউডের নবীন তারকা ইব্রাহিম আলী খান ও অভিনেত্রী পলক তিওয়ারির প্রেমের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। তবে এবার তাঁদের সম্পর্কের ইতি টানার খবর ঘিরে সরগরম বলিপাড়া। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, প্রায় তিন বছরের সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম ও শ্বেতা তিওয়ারির কন্যা পলক। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কখনো প্রকাশ্যে মুখ খোলেননি এই দুই তারকা, সম্পর্কের ভাঙনের প্রভাব নাকি পড়েছে পেশাগত ক্ষেত্রেও। জানা গেছে, তাঁদের জনপ্রিয়তাকে কেন্দ্র করে একটি প্রযোজনা সংস্থা বিশেষ শুটিংয়ের পরিকল্পনা করেছিল।
কিন্তু সম্পর্কের অবনতির পর একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াতে রাজি হননি ইব্রাহিম ও পলক। ফলে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করতে হয়েছে বলে দাবি ঘনিষ্ঠ মহলের। বিচ্ছেদ নিয়ে কেউই প্রকাশ্যে কোনো ধরনের নেতিবাচক মন্তব্য করতে চান না। বরং ব্যক্তিগত জীবনকে আড়ালে রেখে নিজেদের অভিনয়জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগ দেওয়াই তাদের লক্ষ্য। ইব্রাহিম ও পলকের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছিল ২০২২ সালের জানুয়ারি নাগাদ।
একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় আলোকচিত্রীদের ক্যামেরা এড়াতে পলকের মুখ লুকানোর ঘটনা থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা গেলেও সম্পর্কের বিষয়ে নীরবতা বজায় রেখেছিলেন দুজনেই। এমনকি চলতি মাসের শুরুতে রাজস্থানের রণথম্ভোরে একসঙ্গে তাদের দেখা যাওয়ার পরও নতুন করে প্রেমের চর্চা শুরু হয়েছিল। তবে এবার বিচ্ছেদের খবর সামনে আসায় সেই জল্পনায় ভিন্ন মাত্রা যোগ হয়েছে। ইব্রাহিম আলী খান কিংবা পলক তিওয়ারি—কেউই এখন পর্যন্ত তাঁদের বিচ্ছেদের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।
