চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫২.০৭ শতাংশ, কমেছে জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫২.০৭ শতাংশ, কমেছে জিপিএ-৫

ফন্ট সাইজ:

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ৭ শতাংশ। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ। অর্থাৎ পাসের হার কমেছে দশমিক ৫০ শতাংশ। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও। এবার জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ৩ হাজার ৯৭ জন।

শনিবার সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর এ ফল দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হয়।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালে বোর্ডের অধীনে মোট ১১৪টি কেন্দ্রে ২৮৩টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ৯৯ হাজার ৮৭৯ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৯৬ হাজার ৩৩৫ জন এবং অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৫৪৪ জন। অপরদিকে, ২০২৫ সালে ১১৫টি কেন্দ্রে ২৮১টি কলেজের ১ লাখ ২ হাজার ২৭০ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিলেন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন ১ লাখ ২ হাজার ৯৭০ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২৬ সালে ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৬২ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৫৩ দশমিক ৪৯ শতাংশ। অর্থাৎ এ বছরও ছাত্রীদের পাসের হার ছাত্রদের তুলনায় বেশি। তবে উভয় ক্ষেত্রেই গত বছরের তুলনায় পাসের হার কমেছে।