অবশেষে ভক্তদের জন্য সুখবর নিয়ে এলেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দীর্ঘ প্রায় ৯ মাস পর তিনি অভিনয়ে ফিরেছেন। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ‘অংশীদার’ নাটকের গল্পের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। তিন-চারদিন আগেই নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এতে আরও অভিনয় করেছেন- ডলি জহুর, ফজলুর রহমান বাবু প্রমুখ। পরিচালক ইকসান রনি জানান, ‘অংশীদার’ মূলত আমাদের সমাজের একটি বাস্তব চিত্র। এই নাটকের মাধ্যমে নারীর ন্যায্য অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প তুলে ধরা হয়েছে। তানিয়া বৃষ্টি বলেন, এর আগে একই পরিচালকের ‘বাবারাও মানুষ’ নামের একটি নাটকে অভিনয় করেছিলাম। খুব ভালো সাড়া ফেলেছিল নাটকটি। ‘অংশীদার’ মূলত সম্পত্তির অধিকার আদায়ে এক নারীর অদম্য লড়াইয়ের গল্প। এটা সত্যি যে, আমাদের সমাজে আজও কেবল কন্যাসন্তান থাকা পরিবারগুলোকে নানা সামাজিক ও পারিবারিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়।
বিশেষ করে বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তি থেকে মেয়েদের বঞ্চিত করার অপচেষ্টা অনেক ক্ষেত্রেই দেখা যায়। এই নাটকে তাই দেখানোর পাশাপাশি একটা সমাধানেরও পথ দেখানো হয়েছে। মহান আল্লাহ্র প্রতি অসীম কৃতজ্ঞতা, কিছুটা সুস্থ হয়ে আমি আমার পেশাগত কাজে ফিরতে পেরেছি। আল্লাহ্ যেন আমাকে পুরোপুরি সুস্থ করে দেন, সবার কাছে সেই দোয়াই চাই। এদিকে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্রেন টিউমার ধরা পড়ে বৃষ্টির। এরপরই তার চিকিৎসা শুরু হয়। বিগত ৯ মাস তিনি চিকিৎসার মধ্যেই ছিলেন। তানিয়া বৃষ্টি বলেন, আমি হয়তো না-ও ফিরতে পারতাম, এমন শারীরিক অবস্থা ছিল। তবে এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ্
ভালো আছি।
