তিন দশকেরও বেশি সময় ধরে গানের জগতে আছেন বাপ্পা মজুমদার। প্রয়াত সঞ্জীব চৌধুরীর সঙ্গে ব্যান্ড দল ‘দলছুট’ গড়েছিলেন। নভেম্বরে জনপ্রিয় এই ব্যান্ডের ৩০ বছর পূর্ণ হবে। ব্যান্ডের গান, কনসার্টের পাশাপাশি আধুনিক গানেও সমানতালে জনপ্রিয় হয়েছেন বাপ্পা মজুমদার। চলচ্চিত্রে গানের জন্য সুরকার এবং সংগীতশিল্পী হিসেবে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। অন্তর্মুখী সংগীত পরিচালক, সুরকার, সংগীতশিল্পী, গীতিকার বাপ্পা মজুমদার এবার ১০০ মিনিটের পডকাস্টে অংশ নিয়েছেন। সময়ের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’তে আজ রাত ৯টায় দেখা যাবে তাকে। মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে
প্রচারিত হবে পডকাস্টটি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে বাপ্পা মজুমদার জানিয়েছেন, এইচএসসি পরীক্ষার পর পরই তিনি পেশাগতভাবে গিটার বাজানো শুরু করেন। হোটেল সোনারগাঁওয়ে গিটার বাজিয়ে প্রথম পারিশ্রমিক পেয়েছিলেন ৫০ টাকা। তখন ২০ টাকা দিয়ে বেবি ট্যাক্সি ভাড়া করে বাসায় গিয়েছিলেন। আর বাকি টাকা দিয়ে পরিবারের জন্য দেড় কেজি মিষ্টি কিনেছিলেন। দ্বিতীয় পারিশ্রমিক হিসাবে ২০০ টাকা পেয়েছিলেন বাপ্পা মজুমদার। সে টাকা মায়ের হাতে তুলে দিয়েছিলেন। এ ছাড়াও বাপ্পা মজুমদার না বলা অনেক কথা বলেছেন পডকাস্টে। তিনি বলেন, প্রায় ২০ বছর আগে চলচ্চিত্রের গানের সঙ্গে যুক্ত হলেও সিনেমায় তিনি হাতে-গোনা গানই করেছেন। এর মূল কারণ হিসেবে তিনি বলেন, সিনেমার গানের জন্য ‘যোগাযোগ’ থাকতে হয়। এ বিষয়ে আমি ভীষণ কাঁচা। যোগাযোগ না রাখতে পারলে সিনেমার গানে কাজ করার সম্ভাবনা কমে যায়। পডকাস্টটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।
