আইস্ক্রিনে এলো ‘ক্যাফে আমব্রেলা’

আইস্ক্রিনে এলো ‘ক্যাফে আমব্রেলা’

ফন্ট সাইজ:

ভালোবাসার গল্পে থাকে মিষ্টি মুহূর্ত, মান-অভিমান, ভুল বোঝাবুঝি আর আবেগের নানা রং। সম্পর্কের এমনই বিচিত্র সমীকরণ নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘লাক্স প্রেজেন্টস ক্যাফে আমব্রেলা’। জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন রচিত ও পরিচালিত এই ওয়েব ফিল্মটি ২৯শে অক্টোবর থেকে দেখা যাচ্ছে চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিনে। এ উপলক্ষে একই দিন বিকালে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে আয়োজন করা হয় প্রিমিয়ার শো ও সংবাদ সম্মেলনের। প্রিমিয়ার শো’তে প্রশংসায় ভেসেছে ওয়েব ফিল্মটি। এদিকে, ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এবং লাক্সের আয়োজনে নির্মিত ‘ক্যাফে আমব্রেলা’য় উঠে এসেছে চার জুটির চার রকম ভালোবাসার গল্প। প্রেমের মিষ্টি মুহূর্তের পাশাপাশি সম্পর্কের টানাপড়েন, মান-অভিমান, ভুল বোঝাবুঝি ও মানুষের আবেগের নানা দিক ফুটে উঠবে ভিন্ন ভিন্ন গল্পের মধ্যদিয়ে। আলাদা গল্পগুলো

একপর্যায়ে যুক্ত হবে একটি অভিন্ন বয়ানে। ওয়েব ফিল্মটির অন্যতম আকর্ষণ ‘লাক্স সুপারস্টার-২০২৫’ এর সেরা তিন প্রতিযোগী বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার ও আমিনা ইসলামের অভিনয়ে অভিষেক। বিদুষী বর্ণিতার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, নাযাহ নাওয়ারের সঙ্গে রয়েছেন পার্থ শেখ এবং আমিনা ইসলামের বিপরীতে দেখা যাবে আরেফিন জিলানিকে। অন্য একটি জুটিতে অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল ও সানজিদা তাসনিম। এ ছাড়া, গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সাবেরী আলম ও শিরিন আলমসহ আরও অনেকে।