জাতীয় সাঁতারে এক যুগ আগের রেকর্ড ভাঙলেন ইরফানা খাতুন। গতকাল মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক ইভেন্টে এসএ গেমসে জোড়া স্বর্ণজয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলার রেকর্ড ভাঙেন তিনি। মেয়েদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে ৩৪ দশমিক ৫৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন ইরফানা। এর আগে চলতি আসরেই ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রোমানা আক্তারের আগের রেকর্ড এবং ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকেও নতুন রেকর্ড গড়েন ইরফানা। ২০০ মিটার ব্যাকস্ট্রোকে ২ মিনিট ৪৫ দশমিক ৪০ সেকেন্ড সময় নেন তিনি। এ ইভেন্টে রোমানা আক্তারের রেকর্ডটি ছিল ২ মিনিট ৪৯ দশমিক ৭৫ সেকেন্ডে। আর ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ১ মিনিট ১৭ দশমিক ৩৬ সেকেন্ড সময় নেন ইরফানা।
এদিকে দিনের অপর রেকর্ডটি এসেছে দলগত ইভেন্ট থেকে। মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন, ইরফানা খাতুন, ছুম্মা খাতুন ও জুঁই আক্তার জুটি ৯ মিনিট ৪৭ দশমিক ৯৯ সেকেন্ড টাইমিং করে স্বর্ণ জেতেন। পেছনে পড়ে যায় গত বছর নৌবাহিনীর গড়া ৯ মিনিট ৫০ দশমিক ০১ সেকেন্ডের আগের রেকর্ডটি। এই নিয়ে আসরে মোট ১৬টি নতুন জাতীয় রেকর্ড হলো। প্রতিযোগিতায় পদক তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ নৌবাহিনী। তিন দিন শেষে ২৮টি সোনা, ১৮টি রুপা ও ১৩টি ব্রোঞ্জসহ মোট ৫৯টি পদক নিয়ে তারা রয়েছে সবার ওপরে। অন্যদিকে ১২টি সোনা, ১৮টি রুপা ও ২২টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া ২টি রুপা ও ৬টি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থানে আছে বিকেএসপি।
