প্রথম অ্যাওয়ে জয়ের খোঁজে স্ট্যামফোর্ড ব্রিজে ইউনাইটেড

প্রথম অ্যাওয়ে জয়ের খোঁজে স্ট্যামফোর্ড ব্রিজে ইউনাইটেড

ফন্ট সাইজ:

চলতি ইংলিশ প্রিমিয়ার লীগে চরম দুঃসময় পার করছে ম্যানচেস্টার ইউনাইটেড। একের পর এক হতাশাজনক পারফরম্যান্সের কারণে ক্লাবটিকে ‘সংকট ক্লাব’ নামে তকমা দিচ্ছে বিশ্বমিডিয়া। প্রিমিয়ার লীগের পয়েন্ট তালিকায় বর্তমানে ১৬তম স্থানে থাকা রেড ডেভিলরা রেলিগেশন জোনের ঠিক এক পয়েন্ট উপরে অবস্থান করছে। ১৯৮৬-৮৭ মৌসুমের পর এটিই তাদের ইতিহাসের সবচেয়ে বাজে লীগ শুরু। এমন এক ছন্নছাড়া অবস্থায় আজ স্ট্যামফোর্ড ব্রিজে স্বাগতিক চেলসির মুখোমুখি হতে যাচ্ছে মাইকেল ক্যারিকের দল। লীগে নিজেদের প্রথম অ্যাওয়ে জয়ের খোঁজে থাকা ইউনাইটেডের এই হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
তবে টেবিলের পাঁচ নম্বরে থাকলেও চেলসির অবস্থাও খুব একটা সুবিধাজনক নয়। টটেনহ্যাম হটস্পার ও লিভারপুলের কাছে পরপর দুই ম্যাচ হেরে ব্লুদের মনোবলও বেশ নড়বড়ে। বিশেষ করে এবারের প্রিমিয়ার লীগে শীর্ষ দশের দলগুলোর মধ্যে চেলসির রক্ষণভাগের অবস্থাই সবচেয়ে বাজে। এ পর্যন্ত তারা ১৫ গোল হজম করেছে। গত মৌসুমে চেলসির বিপক্ষে দুই লেগেই জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড। আর সেই পরিসংখ্যানই কিছুটা আশার আলো দেখাচ্ছে বর্তমান কোচ ক্যারিককে।

বোর্ডের কড়া চাপ, সমর্থকদের ক্ষোভ আর ছাঁটাইয়ের গুঞ্জনের মাঝেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক। নিজের ভবিষ্যৎ এবং দলের পারফরম্যান্স নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, ‘কারও কাছ থেকে কোনো আশ্বাসের প্রয়োজন আমার নেই। আমি দলের বর্তমান পজিশন, নিজের চাকরি এবং এর সঙ্গে জড়িত সমস্ত দায়িত্ব সম্পর্কে পুরোপুরি সচেতন। এখানে নতুন করে আশ্বস্ত করার কিছু নেই।’ বাইরের সমালোচনা ও বরখাস্তের গুঞ্জন প্রসঙ্গে কোচ ক্যারিক পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, তিনি এসব নিয়ে মোটেও ভাবেন না। তিনি কেবল ম্যাচ এবং সমর্থকদের প্রতিক্রিয়া নিয়েই চিন্তিত। তার মতে, দলের পারফরম্যান্স ভালো করতে এবং ভুলগুলো শুধরে সামনে এগিয়ে যাওয়ার পূর্ণ দায়িত্ব একমাত্র তার নিজেরই।

দলের সামপ্রতিক ফর্ম নিয়ে ক্যারিক আরও বলেন, ‘ম্যাচের পর স্বাভাবিকভাবেই আমাদের চরম হতাশা কাজ করেছে। তবে আমি মাঠের বাইরের কোলাহল বা বাইরের গুঞ্জন নিয়ে মাথা ঘামাই না। আমি শুধু জানি আমাদের কোথায় উন্নতি করতে হবে এবং দল হিসেবে কীভাবে আরও ভালো ফুটবল উপহার দিতে হবে।’ অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজকে গত ম্যাচে স্কোয়াডের বাইরে রাখা নিয়ে গুঞ্জনের অবসান ঘটিয়ে ক্যারিক স্পষ্ট জানান, ‘সেটি কেবলই কৌশলগত কারণে নেয়া একটি ফুটবলীয় সিদ্ধান্ত ছিল। ব্রুনো এই ক্লাবের প্রতি শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের মধ্যে কোনো সমস্যা নেই।’

দলের চোট পরিস্থিতি নিয়ে কিছুটা স্বস্তির খবরও দিয়েছেন ইউনাইটেড বস। ক্যারিকের ভাষ্য অনুযায়ী, আজকের ম্যাচে রেড ডেভিল শিবিরে ফেরার সম্ভাবনা রয়েছে ফার্নান্দেজের। অনুশীলনে ফিরেছেন কোবি মাইনুও। তবে চোটের কারণে লুক শ, ম্যানুয়েল উগার্তে, প্যাট্রিক ডোরগু এবং দীর্ঘ সময়ের জন্য ছিটকে যাওয়া বেঞ্জামিন শেসকোকে পাচ্ছে না রেড ডেভিলরা। দীর্ঘমেয়াদী চোটে শেসকোকে লম্বা সময়ের জন্য হারালেও মিডফিল্ডার কোবি মাইনুর অনুশীলনে ফেরা দলটির জন্য বড় স্বস্তির খবর।
অন্যদিকে, চেলসি শিবিরে চোটের হানা বেশ বড়। হ্যামস্ট্রিং চোটের কারণে ম্যাক্সেন্স লাক্রোয়া ছিটকে গেছেন। সঙ্গে রিস জেমস, পেদ্রো ও এমি মার্টিনেজরা তো আছেনই। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন কোল পালমার এবং দলে ফিরতে পারেন ময়েসেস কাইসেদো ও মালো গুস্তো।