ইনানীতে গ্যাসের আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি

ইনানীতে গ্যাসের আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ার ছোট ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন ঘিরে অবশেষে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। জননিরাপত্তার স্বার্থে আগুনের উৎসস্থল থেকে ২০০ মিটার এলাকাজুড়ে সাধারণ মানুষের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।

প্রশাসনের আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারিত এলাকার মধ্যে সাধারণ মানুষের প্রবেশ ও অবস্থান করা যাবে না। একই সঙ্গে গ্যাস নির্গমনের স্থান ও আশপাশে আগুন জ্বালানো, ধূমপান, দিয়াশলাই ও লাইটার ব্যবহারসহ অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি করতে পারে—এমন সব কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গত ২৭ অক্টোবর জালিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছোটখাল ব্রিজসংলগ্ন একটি বাড়িতে নলকূপ স্থাপনের সময় মাটি খনন করে পাইপ প্রবেশ করানোর একপর্যায়ে ভূগর্ভ থেকে গ্যাস বের হয়ে আগুন ধরে যায়। এরপর থেকে আগুন জ্বলতে থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর গ্যাসের প্রকৃতি ও উৎস শনাক্ত করতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) একটি কারিগরি দল ঘটনাস্থলে কাজ শুরু করে। কয়েক দফা পরিদর্শনের পর গ্যাসের নমুনাও সংগ্রহ করা হয়েছে। তবে গ্যাসের উৎস ও প্রকৃতি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে অধিকতর পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ঝুঁকিপূর্ণ এলাকাকে বিভিন্ন নিরাপত্তা অঞ্চলে ভাগ করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে।