দিল্লির কাছে উত্তর প্রদেশের গাজিয়াবাদে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন এক নারী ও তার জিম প্রশিক্ষক। কিন্তু তাদের আক্রমণেও বেঁচে গিয়েছেন ওই নারীর স্বামী। এ ঘটনায় ওই নারী ও তার প্রশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৬শে অক্টোবর সকালে বসুন্ধরায় নিজ বাড়িতে নিজের স্বামীকে একাধিকবার ছুরিকাঘাত করে ওই নারী ও তার প্রশিক্ষক। বসুন্ধরার সেক্টর-১ এলাকার জাগৃতি রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সোসাইটিতে ২৬ অক্টোবর সকালে স্ত্রী প্রিয়া শর্মা জিমে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় তার স্বামী শশাঙ্ক কন্থারিয়ার ওপর হামলা চালানো হয়। প্রতাপ সিং নামের এক ব্যক্তি বাড়িতে ঢুকে শশাঙ্ককে একাধিকবার ছুরিকাঘাত করে। গুরুতর আহত শশাঙ্ক চিৎকার করে সাহায্য চাইতে শুরু করলে হামলাকারী পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শশাঙ্ককে উদ্ধার করে যশোদা মেডিসিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা নেয়ার পর তিনি প্রাণে বেঁচে যান। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
শশাঙ্কের আদি বাড়ি ঝাঁসির পুরানি পাসারাত এলাকায়। প্রায় চার বছর আগে প্রিয়ার সঙ্গে তার বিয়ে হয়। দু’জনই দিল্লিতে জ্যেষ্ঠ হিসাবরক্ষক হিসেবে কাজ করতেন। তারা বসুন্ধরার সেক্টর-১ এলাকায় বসবাস করতেন।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, এটি ছিল প্রিয়ার দ্বিতীয় বিয়ে। পুলিশ হামলায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে। এ ঘটনায় জিম প্রশিক্ষক প্রতাপ সিং ও প্রিয়া শর্মাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, প্রতাপ সিং ‘ফিটনেস হেডকোয়ার্টার্স’ নামের একটি জিমে প্রশিক্ষক হিসেবে কাজ করে। প্রিয়া গত সাত থেকে আট মাস ধরে ওই জিমে যাতায়াত করছিলেন। এ সময় দু’জনের ঘনিষ্ঠতা বাড়ে। একপর্যায়ে তাদের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে রূপ নেয়। তারা হোয়াটসঅ্যাপে নিয়মিত কথাবার্তাও বলতেন।
জিজ্ঞাসাবাদে প্রতাপ জানিয়েছে, তারা দু’জন বিয়ে করার পরিকল্পনা করেছিল বলে পুলিশের দাবি। পুলিশের ভাষ্য অনুযায়ী, শশাঙ্ক তাদের সম্পর্কের বিষয়টি জানতে পেরেছিলেন। দীপাবলির পর অন্য কোথাও চলে যাওয়ার পরিকল্পনাও করছিলেন তিনি। এরপরই তাকে হত্যার পরিকল্পনা করেন প্রিয়া ও প্রতাপ। পুলিশ জানায়, গত ২৫ অক্টোবর সকালে দৌড়াতে বেরিয়ে দু’জনের দেখা হয়। সে সময় তারা শশাঙ্ককে হত্যার বিষয়ে আলোচনা করে বলে তদন্তে উঠে এসেছে।
পরদিন ছুরি নিয়ে প্রিয়ার বাড়িতে যায় প্রতাপ। পুলিশের দাবি, প্রিয়া বাড়ির ফটক খোলা রেখেছিলেন। সেই সুযোগে বাড়িতে ঢুকে শশাঙ্কের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায় প্রতাপ। পুলিশ আরও জানায়, ঘটনার আগের রাতেও প্রিয়া ও প্রতাপের মধ্যে হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদান হয়। জিজ্ঞাসাবাদে অভিযোগ উঠেছে, প্রিয়ার অনুরোধেই প্রতাপ তার স্বামীর ওপর ছুরি নিয়ে হামলা করে। তদন্তকারীদের দাবি, কখনো অসুস্থতার কথা বলে বাড়িতে থাকতেন প্রিয়া। শশাঙ্ক অফিসে চলে যাওয়ার পর তিনি প্রতাপকে বাড়িতে ডেকে আনতেন বলেও অভিযোগ রয়েছে।
শশাঙ্কের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে। প্রিয়া শর্মা ও প্রতাপ সিংয়ের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
