স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৮, তিন দিনের শোক ঘোষণা

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৮, তিন দিনের শোক ঘোষণা

ফন্ট সাইজ:

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। টোলেডো প্রদেশের উরদা শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। এতে ১০৭ জনের বেশি মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। সিগন্যাল ব্যবস্থার ত্রুটির পর নিয়ন্ত্রণ কক্ষের ভুল নির্দেশনার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানান, বুধবার সকাল সাড়ে আটটার দিকে সিগন্যাল সিস্টেমে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে স্বয়ংক্রিয়ভাবে বেশ কয়েকটি ট্রেন থেমে যায়। এরপর মাদ্রিদের নিয়ন্ত্রণ কক্ষ থেকে রেনফে কোম্পানির একটি ট্রেনকে স্বাভাবিক গতিতে চলার নির্দেশ দেয়া হয়। যদিও সেখানে থামার সংকেত ছিল। নির্দেশ পেয়ে রেনফের ট্রেনটি প্রায় ২৫ কিলোমিটার যাওয়ার পর দাঁড়িয়ে থাকা ইরিও কোম্পানির ট্রেনের পেছনে সজোরে ধাক্কা দেয়। এটিকে নিয়ন্ত্রণ কক্ষের একটি অকল্পনীয় ভুল বলে মন্তব্য করেছেন পরিবহনমন্ত্রী।

এর আগে এক কর্মীর ভুলে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু নতুন তথ্যে মাদ্রিদের কমান্ড সেন্টারের গাফিলতির বিষয়টি সামনে এসেছে। দুটি ট্রেনে মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন। উদ্ধারকর্মীরা এখনও লাইনচ্যুত বগিগুলোর ভেতরে তল্লাশি চালাচ্ছেন। বগির একেবারে নিচ পর্যন্ত পৌঁছানো সম্ভব না হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের প্রধান এমিলিয়ানো গার্সিয়া-পেজ।

চলতি বছর স্পেনে এটি দ্বিতীয় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এর আগে গত জানুয়ারিতে একই রুটে দুই ট্রেনের সংঘর্ষে ৪৬ জন নিহত হন। এক বছরে দুটি বড় দুর্ঘটনার পর স্পেনের রেল নিরাপত্তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। আসন্ন সাধারণ নির্বাচনের আগে এই ঘটনা দেশটিতে রাজনৈতিক উত্তাপও বাড়িয়েছে। বিরোধী দলের নেতা আলবার্তো নুনেজ ফেইজো স্পেনের পুরো রেল নেটওয়ার্কের স্বাধীন পর্যালোচনার দাবি জানান। এদিকে শোকের আবহে স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাদের নির্ধারিত সব ম্যাচ স্থগিত করেছে।