সবার সহযোগিতা নিয়ে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে চান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সংঘাতের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে উৎসবমুখর নির্বাচনী পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, দেশে সুন্দর ও ইতিবাচক নির্বাচনী সংস্কৃতি প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য।
বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের আইনশৃঙ্খলা সমন্বয় সেল পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, পুরো নির্বাচনী কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচন কমিশন স্বচ্ছতায় বিশ্বাস করে। এই উপনির্বাচনকে ছোট করে দেখার সুযোগ নেই। জাতীয় নির্বাচনের মতোই সমান গুরুত্ব দিয়ে এ নির্বাচন পরিচালনা করা হচ্ছে।
১১-দলীয় জোটের উত্থাপিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে এ এম এম নাসির উদ্দিন বলেন, জোটের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলো সমাধান করা হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ, প্রশাসন, বিজিবিসহ সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এসব অভিযোগ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের মতোই সমান অগ্রাধিকার দিয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন পরিচালনা করা হচ্ছে।
আজ সকাল ৮টা থেকে এ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
সুন্দর ও ইতিবাচক নির্বাচনী সংস্কৃতি প্রতিষ্ঠাই লক্ষ্য: সিইসি
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
২৯ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬, ১২ঃ২৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
