টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মহেড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫মিনিটে চিলাহাটীর উদ্দেশে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯ টার দিকে মির্জাপুরের মহেড়া স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পর একটি বগি লাইনচ্যুত হয়। এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও রেলের একজন স্টাফ আহত হয়েছেন বলে জানা গেছে।
দুপুরে সংবাদটি লেখা পর্যন্ত রেল যোগাযোগ স্থবির অবস্থার মধ্যেই ছিল। এতে কয়েকটি স্টেশনে ট্রেন আটকা পড়েছে। শত শত যাত্রী দুর্ভোগের মধ্যে পড়েছেন।
মহেড়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার রকিবুল হাসান জানান, বগিটি সরিয়ে নিয়ে রিলিফ ট্রেন এসে পৌঁছেছে। কাজ চলছে তবে রেল যোগাযোগ স্বাভাবিক হতে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে ধারণা দেন তিনি।
