ডনাল্ড ট্রাম্পের পোস্ট সবার আগে পেতে কোটি টাকার চুক্তি

ডনাল্ড ট্রাম্পের পোস্ট সবার আগে পেতে কোটি টাকার চুক্তি

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল। এই প্লাটফর্ম ব্যবহার করেই তিনি নিয়মিত বার্তা প্রকাশ করেন। ট্রাম্পের এই পোস্টগুলো সবার আগে পেতে ব্লুমবার্গ এবং ওয়াল স্ট্রিটের দুটি ট্রেডিং ফার্ম চুক্তি করেছে। এজন্য প্রতি মাসে তারা সর্বোচ্চ ১ কোটি ২৩ লাখ ৯৮ হাজার টাকা পর্যন্ত খরচ করছে। রয়টার্স এক প্রতিবেদনে এই খবর জানায়। মূলত ট্রাম্পের পোস্ট আর্থিক বাজারে বড় প্রভাব ফেলতে পারে। তাই এই আগাম তথ্যের সুবিধা নিয়ে ফার্মগুলো সাধারণ বিনিয়োগকারীদের চেয়ে ট্রেডিংয়ে এগিয়ে থাকতে চায়। ওয়াল স্ট্রিটের প্রতিষ্ঠান দুটি হলো সাসকোহানা ইন্টারন্যাশনাল গ্রুপ এবং জাম্প ট্রেডিং। তারা এপিআই প্রযুক্তি ব্যবহার করে সাধারণ মানুষের চেয়ে ৫০ মিলিসেকেন্ড আগেই ট্রাম্পের পোস্টগুলো পেয়ে যাবে। এর মাধ্যমে তাদের স্বয়ংক্রিয় সফটওয়্যার মুহূর্তের মধ্যে শেয়ার বেচাকেনা করতে পারবে।

গত জুলাই মাসে ট্রাম্প মিডিয়া এই সেবার ঘোষণা দেয়। তবে ক্ষমতায় থাকা কোনো প্রেসিডেন্টের বিবৃতির আগাম তথ্য বিক্রির এই ঘটনাকে সমালোচকরা অনৈতিক বলে আখ্যা দিয়েছেন।
এই পদক্ষেপের বিরুদ্ধে ইন্টারসেপ্ট মিডিয়া এবং ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন মামলা করেছে। তাদের অভিযোগ, অর্থের বিনিময়ে সরকারি তথ্যের এমন সুবিধা দেয়া অসাংবিধানিক। এছাড়া ডেমোক্রেট সিনেটররা বিষয়টি তদন্তের জন্য এসইসিকে অনুরোধ করেছেন।

তবে ট্রাম্প মিডিয়া দাবি করেছে, তাদের এই সেবার ব্যাপক চাহিদা রয়েছে এবং সংবাদটি বিভ্রান্তিকর। কোম্পানিটির ৪১ শতাংশ মালিকানা ট্রাম্পের ফ্যামিলি ট্রাস্টের হলেও হোয়াইট হাউসের দাবি, ট্রাম্প বা তার পরিবার সরাসরি বিনিয়োগের সিদ্ধান্তে জড়িত নন।
(১ ডলার সমান ১২৩.৯৮ টাকা ধরে)