পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন নরিন নিয়াজিকে হৃদযন্ত্রের অসুস্থতায় কারাগার থেকে হাসপাতালে নেয়া হয়েছে। বুধবার তাকে লাহোরের কোট লাখপত কারাগার থেকে পাঞ্জাব ইনস্টিটিউট অব কার্ডিওলজিতে স্থানান্তর করা হয়। নরিনের আইনজীবী রানা মুদাসসার উমর এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কোট লাখপত কারাগারে আটক থাকা অবস্থায় নরিন হৃদযন্ত্রে অস্বস্তি অনুভব করেন। এরপর তাকে হৃদরোগ চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করছেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
ইমরান খানের বোন নরিন ও উজমা খানকে গত ২১শে সেপ্টেম্বর থেকে ১৯৬০ সালের জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশের (এমপিও) ৩ নম্বর ধারায় আটক রাখা হয়েছে। লাহোর থেকে গ্রেপ্তারের পর তাদের কোট লাখপত কারাগারে নেয়া হয়। এর এক দিন আগে একই অধ্যাদেশের ৩ নম্বর ধারায় তাদের আরেক বোন আলিমা খানকে লাহোর থেকে আটক করে পুলিশ। ইমরান খানের মুক্তি এবং সংবিধানের সর্বোচ্চ কর্তৃত্ব প্রতিষ্ঠার দাবিতে পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির আগে তাদের আটক করা হয়। ওই কর্মসূচির অংশ হিসেবে ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে দীর্ঘ পদযাত্রার পরিকল্পনাও ছিল দলটির।
লাহোর হাইকোর্টে জমা দেয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি পাঞ্জাব সরকার ইমরান খানের তিন বোনেরই আটকাদেশ আরও ৩০ দিন বাড়িয়েছে। আলিমা খানের ছেলে শাহরেজ খান তার মায়ের দুই বোনসহ সাবেক প্রধানমন্ত্রীর বোনদের আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে লাহোর হাইকোর্টে আবেদন করেন। পরে পাঞ্জাবের স্বরাষ্ট্রসচিবের প্রতিবেদন পর্যালোচনা করে আদালত আবেদনটি নিষ্পত্তি করেন। ওই প্রতিবেদনে তিন বোনের আটকাদেশ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়।
