দেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা, আন্তর্জাতিক ক্রেতাদের আকৃষ্ট করা এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে আগামী ১৫ থেকে ১৭ই নভেম্বর দ্বিতীয়বারের মতো ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’- আয়োজন করতে যাচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিসিএফইসি) তিনদিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ইপিবি’র ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাসান আরিফ রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় ইপিবি আয়োজিত এ প্রদর্শনীতে দেশি-বিদেশি উৎপাদক, রপ্তানিকারক, আন্তর্জাতিক ক্রেতা ও বাণিজ্য প্রতিনিধিরা অংশ নেবেন। এতে বিভিন্ন ধরনের পণ্য ও সেবা উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরা হবে। এবারের প্রদর্শনীতে রপ্তানিমুখী ১২টি খাতের ২০০টির বেশি স্টল থাকবে। গত বছর প্রথমবারের আয়োজনে আটটি খাতের পণ্য প্রদর্শিত হয়েছিল। তৈরি পোশাকশিল্পের বাইরে অন্যান্য খাতেও রপ্তানি সমপ্রসারণে সরকারের গুরুত্ব দেয়ার বিষয়টি এ উদ্যোগে প্রতিফলিত হয়েছে।
হাসান আরিফ বলেন, এ প্রদর্শনী বাংলাদেশের উৎপাদকদের সঙ্গে বিদেশি ক্রেতাদের সরাসরি যোগাযোগ স্থাপন, নতুন বাজার অনুসন্ধান এবং দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি করবে।
এ প্রদর্শনীর মাধ্যমে উৎপাদকরা নতুন ব্যবসার সুযোগ খুঁজে পাবেন, অধিক মূল্য সংযোজিত পণ্য তুলে ধরতে পারবেন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পারবেন বলে আশা করা হচ্ছে।
দ্বিতীয়বারের এ আয়োজনে তৈরি পোশাক ও বস্ত্র, চামড়া ও চামড়াজাত পণ্য, হস্তশিল্প ও পাটজাত পণ্য, প্লাস্টিক পণ্য ও রান্নাঘরের সামগ্রী, আসবাব ও গৃহসজ্জা, ওষুধ, কৃষি ও কৃষিপ্রক্রিয়াজাত পণ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কাগজ ও মোড়কজাতকরণ, মোটরযান, হালকা প্রকৌশল এবং সিরামিক ও টেবিলওয়্যার খাতের পণ্য প্রদর্শিত হবে।
