একদিনে এক লাখ গাছ রোপণ করে ডিসি জাহিদের দৃষ্টান্ত

একদিনে এক লাখ গাছ রোপণ করে ডিসি জাহিদের দৃষ্টান্ত

ফন্ট সাইজ:

একদিনে এক লাখ গাছ রোপণ করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। প্রায় ১৫ হাজার মানুষের অংশগ্রহণে জেলার ১৬টি উপজেলা ও মহানগরে একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। চারা সংগ্রহ থেকে শুরু করে রোপণ, সুরক্ষা ও পরিচর্যা- পুরো প্রক্রিয়ায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে এ উদ্যোগ নেন তিনি। জেলা প্রশাসনের দাবি, সরকারের কোনো অর্থ ব্যয় ছাড়াই সম্পন্ন হয়েছে কর্মসূচি। চট্টগ্রামের জেলা প্রশাসকের এ উদ্যোগকে সারা দেশের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন জনপ্রশাসন-বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। অন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও নিজ নিজ এলাকায় এ ধরনের কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার ‘একদিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’- প্রতিপাদ্যে এ কর্মসূচি পালিত হয়। সকালে নগরের জমিয়াতুল ফালাহ্‌ মসজিদ প্রাঙ্গণে নারকেলের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন- জনপ্রশাসন-বিষয়ক উপদেষ্টা। এরপর দিনভর জেলার বিভিন্ন স্থানে চলে বৃক্ষরোপণ।

সন্ধ্যায় সীতাকুণ্ডের ফৌজদারহাটসংলগ্ন ডিসি পার্কে র‌্যালি শেষে উপদেষ্টার হাতে এক লাখতম চারা হিসেবে আরেকটি নারকেলের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। একদিনে এক লাখ গাছ রোপণের এ কর্মসূচি বাস্তবায়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বিপুলসংখ্যক চারা সংগ্রহ, সেগুলো নির্ধারিত স্থানে পৌঁছে দেয়া এবং রোপণের জন্য গর্ত প্রস্তুত করা। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তর, সেনাবাহিনী, বনবিভাগ ও বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়। কর্মসূচির আগের দিন সন্ধ্যার মধ্যেই গর্ত খোঁড়ার কাজ শেষ করা হয়েছিল। তিনি জানান, সেনাবাহিনীর ২৪-পদাতিক ডিভিশন দিয়েছে ৪০ হাজার চারা। বেসরকারি সংস্থাগুলোও চারা দিয়ে সহযোগিতা করেছে। বাকি চারা জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে সংগ্রহ করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত সহযোগিতায় সরকারি অর্থ ব্যয় ছাড়াই এ কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।