দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম (৩০) বার-দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে তার মৃত্যু হয়।
শাকিল গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়ার খামার নাচকৈড় মহল্লার রবিউল করিমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শাকিল ইসলামের জানাজা মঙ্গলবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও রাত ৮টায় নাটোরের বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।
গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে হেলমেট পরা মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি চাঁচকৈড় বাজারপাড়া পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকারের বাড়ির কাছে শাকিলের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দুই রাউন্ড গুলি ছোড়া হয়। পরে পালানোর সময় শহিদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে গুরুতর জখম করে তারা। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। তার অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। পরদিন ঢাকার পিজি হাসপাতালে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সেখানেই তিনি মারা যান।
সোমবার রাত ১০টার দিকে চাঁচকৈড় বাজারে শাকিল হত্যার বিচার ও দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেন বিএনপির নেতাকর্মীরা।
গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নান বলেন, ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল করিম থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।
নাটোরে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
অনলাইন
১ ঘন্টা আগে
২৭ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬, ১ঃ৪৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
