দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যা মামলায় ঘাতক স্বামী গ্রেপ্তার

ফন্ট সাইজ:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা মামলার অন্যতম আসামি ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. আহসান উল্লাহ (৪০)। দক্ষিণ কেরানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. আজগার আলী সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানান, গত ৮ই অক্টোবর নাজিরের বাগ ঢাল এলাকায় নিজ বসতবাড়ির শয়নকক্ষে স্বামী মো. আহসান উল্লাহ তার স্ত্রী শাহনাজ আক্তার (৩৩) কে ধারালো ছুরি দিয়ে গলা কেটে নির্মমভাবে হত্যা করে। পরে লাশটি ঘরে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় গত ৯ই অক্টোবর নিহত শাহনাজ আক্তারের ভাই মো. আনোয়ার হোসেন বাদী হয়ে ঘাতক আহসান উল্লাহর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ও তথ্য প্রযুক্তির মাধ্যমে গত রোববার রাতে নারায়ণগঞ্জ জেলার গাউছিয়ার আমবাগ এলাকায় অভিযান চালিয়ে ঘাতক মো. আহসান উল্লাহকে গ্রেপ্তার করা হয়। নিহত শাহনাজ আক্তারের বাবার নাম আলতাফ হোসেন। তার বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ থানার দক্ষিণ জাদুয়া গ্রামে। ঘাতক আহসান উল্লাহর বাবার নাম মো. শাহজাহান। তার বাড়ি চুনকোটিয়া পশ্চিম পাড়া নাজিরের বাগ ঢালে।