মধ্যরাতে সড়কের পাশে বসে ছিলেন যাত্রীরা, লরি চাপায় নিহত ৫

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় সড়কের পাশে কাঠের গুঁড়িতে বসে থাকা ৫ বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪জন। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে কুমিরা ইউনিয়নের রয়েল সিমেন্ট গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, গতকাল রাতে শাপলা পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিল। বাসটি রয়েল সিমেন্ট গেট এলাকায় আসার পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। চালক গাড়িটিকে সড়কের পাশে পার্ক করে যান্ত্রিক ত্রুটি সারানোর কাজ করছিলেন। এ সময় বাসের ভেতর থেকে কিছু যাত্রী নেমে সড়কের পাশে রাখা কাঠের গুঁড়িতে বসে অপেক্ষা করতে থাকেন। হঠাৎ ঢাকামুখী একটি কন্টেইনারবাহী লরি বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে কাঠের গুঁড়িতে বসে থাকা যাত্রীদের চাপা দেয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

বার আউলিয়া হাইওয়ে পুলিশের এএসআই আব্দুল মতিন বলেন, ‘ঘটনাস্থলে নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুজনের মৃত্যু হয়েছে।’