রাজধানীর ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় ও তৃতীয় তলায় দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা দোকানিদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ ওঠেছে। এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়িক পরিবেশ ও নিজেদের অধিকার রক্ষার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ীরা। গতকাল সোমবার দুপুরে তারা এই কর্মসূচি পালন করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিষ্ঠার সময় রাজউকের অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী ইস্টার্ন হাউজিং কর্তৃপক্ষ বিভিন্ন তলায় বিভিন্ন শ্রেণির পণ্যের ব্যবসায়ীদের কাছে দোকান বিক্রি করে। এর মূল উদ্দেশ্য ছিল, ক্রেতাসাধারণ যেন একই শপিং কমপ্লেক্সে এসে এক ছাদের নিচে বিভিন্ন ধরনের পণ্য ও সেবা নিতে পারেন। পরিকল্পনা অনুযায়ী, মার্কেটের প্রথম তলায় কসমেটিকস, ক্রোকারিজ, হস্তশিল্প, সেলুন, বিউটি পার্লার ও শিশুদের খেলনা সামগ্রী; দ্বিতীয় তলায় শাড়ি, থান কাপড় ও টেইলার্স; তৃতীয় তলায় ছেলে মেয়েদের রেডিমেট গার্মেন্টস, থ্রি-পিস ও বেবি আইটেম; চতুর্থ তলায় জুয়েলারি, ছেলেমেয়েদের জুতা ও লেদার সামগ্রী এবং পঞ্চম তলায় মোবাইল ফোন, ইলেকট্রনিকস, ঘড়ি ও চশমাসহ বিভিন্ন পণ্যের ব্যবসা পরিচালনার ব্যবস্থা রাখা হয়। এছাড়া, মার্কেটের প্রতি তলায় ফাস্টফুডের দোকানও রয়েছে। ব্যবসায়ীদের দাবি, বহুমুখী এই ব্যবসায়িক পরিবেশের কারণেই ইস্টার্ন প্লাজা মার্কেট দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিনের এই ব্যবসায়ী রীতি ও নিয়ম ভেঙে দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শওকত আলীর নেতৃত্বে দ্বিতীয় ও তৃতীয় তলায় মোবাইল ফোনের দোকান চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। এতে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা অন্যান্য দোকানিরা ক্ষতিগ্রস্ত হবেন এবং তাদের জীবিকা ঝুঁকিতে পড়বে। ব্যবসায়ীদের দাবি, এ বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। ওই নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই তারা উচ্ছেদ কাজ চালিয়ে যাচ্ছে।
ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, বহিরাগত ও অশুভ পেশিশক্তির মাধ্যমে ভয়ভীতি ও হুমকি-ধামকি দিয়ে তারা দীর্ঘদিনের ব্যবসায়ীদের উচ্ছেদ করছে। মানববন্ধন ও সংবাদ সম্মেলন থেকে অনুমোদিত পরিকল্পনা ও আদালতের আদেশ অনুসরণ, মার্কেটের বহুপণ্যভিত্তিক ব্যবসায়িক পরিবেশ রক্ষা এবং সব ব্যবসায়ীর অধিকার সংরক্ষণের দাবি জানানো হয়। তারা বলছেন, সম্প্রতি কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকতা সরজমিনে মার্কেটে এসে বার বার আদালতের রায়কে অবমাননা না করার আহব্বান জানালেও স্বার্থণে¦ষী মহল তাতে কর্ণপাত করেননি। সংবাদ সম্মেলনে তারা তিনটি দাবি তুলে ধরেন।
এগুলো হলো- সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত পরিকল্পনা, প্রযোজ্য আইন এবং আদালতের আদেশের প্রতি যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে, ইস্টার্ন প্লাজা মার্কেটের ঐতিহ্য ও বহুপণ্যভিত্তিক ব্যবসায়িক পরিবেশ রক্ষা করতে হবে এবং একইসঙ্গে মার্কেটের সব শ্রেণির ব্যবসায়ীর অধিকার ও স্বার্থ রক্ষা করতে হবে। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দোকান মালিক সমিতির কোষাধ্যক্ষ মাহবুব আলম চৌধুরী এবং দোকান মালিক খাইরুল ইসলাম বাবু, তবারক হোসেন, হারুন-উর রশিদ, আনিসুর রহমান ও তপন ঘোষসহ অন্য ব্যবসায়ীরা।
