গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর সঙ্গে ছেলের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে প্রাণ গেছে আব্দুস সামাদ (৬২) নামের এক ব্যক্তির। রোববার দিবাগত রাত ৩টায় দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামের সুটিপাড়া-বন্নাভিটা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের ছেলে আনোয়ার হোসেন (৩৪) পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। নিহতের স্বজনদের ভাষ্য, রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে আনোয়ার।
পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে বাবার ওপর ক্ষিপ্ত হয় সে। একপর্যায়ে আব্দুস সামাদ পাশের বাড়িতে আশ্রয় নিতে গেলে সেখানেও তার ওপর হামলা চালায়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজন ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আনোয়ার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধে জড়াতো। তাকে মাদক থেকে দূরে রাখতে সৌদি আরবে পাঠানো, নিরাময় কেন্দ্রে নেয়া এবং তাবলিগ জামাতে পাঠানোর চেষ্টা করা হয়েছিল বলে জানান তারা।
তবে পরিস্থিতির পরিবর্তন হয়নি।
স্থানীয়দের দাবি, এর আগেও পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগে আনোয়ারকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছিল। প্রায় এক মাস আগে কারাগার থেকে বের হওয়ার পর সে বাবার সঙ্গে প্রায়ই বিরোধে জড়াতো। তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মানিক বলেন, নেশাগ্রস্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
