বরিশালের উজিরপুরে কাওছার হাওলাদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় বিএনপি নেতা মো. কাঞ্চন মোল্লাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার সাতলা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন। রোববার উজিরপুর উপজেলা বিএনপি’র সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টু, জ্যেষ্ঠ সহ-সভাপতি এসএম আলাউদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থেকে ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে কাঞ্চন মোল্লাকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানা গেছে, কাওছার হাওলাদার হত্যা মামলার এজাহারে কাঞ্চন মোল্লাকে ৬ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
