বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচা খুন

ফন্ট সাইজ:

সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা আবুল মিয়া (৬৫)। রোববার রাত ৮টার দিকে উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ ডেকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করে।

জানা গেছে, নিহত আবুল মিয়া ও তার অভিযুক্ত ভাতিজা টিটু মিয়া একই বাড়িতে বসবাস করতেন। আবুল মিয়া ও তার ভাই আব্দুল কাদির কয়েক বছর আগে তাদের ভাতিজা টিটু মিয়ার কাছে বসতবাড়ির জায়গা ১২ লাখ টাকায় বিক্রি করেন। একাধিকবার টাকা চাওয়া হলেও গুরুত্ব দেয়নি টিটু। পাওনা পরিশোধ না করেই বাড়িতে ঘর নির্মাণের কাজ করছিলেন তিনি। রোববার রাতে টাকা চাওয়া নিয়ে কথাকাটাকাটি হলে টিটু উত্তেজিত হয়ে ধারালো ছুরি দিয়ে আবুল মিয়ার বুকে আঘাত করে। এ সময় টিটু দা দিয়ে তার আরেক চাচা আব্দুল কাদিরের মাথা ও হাতে কোপ দেন। আবুল মিয়াকে ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আব্দুল কাদিরকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আব্দুল কাদির বলেন, ১৫ বছর আগে টিটুর কাছে জায়গা বিক্রি করলেও সে টাকা দেয়নি। সে সন্ত্রাসীদের মতো চলাফেরা করে। টাকা চাইলে আমাদের মেরে ফেলার হুমকি দিতো। সে আমার ভাইকে হত্যা করেছে, আমাকেও হত্যা করতে চেয়েছিল আমি তার শাস্তির দাবি করছি। ঘটনার সময় হাসান নামের এক লোক তার সঙ্গে ছিল। হাসান টিটুকে বাধা না দিয়ে উস্কানি দিয়েছে।

বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।