চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ নিহত ৩

ফন্ট সাইজ:

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— চৌদ্দগ্রাম পৌরসভার প্রকৌশলী বিভাগের কার্যসহকারী, বাতিসা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের গাজী ধন মিয়ার ছেলে জিএম সেলিম (৪৫), কনকাপৈত ইউনিয়নের বসকরা গ্রামের নজির আহমেদ (৯৬) ও মাদারীপুর জেলার শিবচর থানার সিরাআই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে ইমরান হোসেন (৩৭)। গতকাল দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মনির হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে চৌদ্দগ্রাম পৌরসভার প্রকৌশলী বিভাগের কার্যসহকারী জিএম সেলিম মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে কর্মস্থলে আসার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের বসন্তপুর এলাকায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহত অবস্থায় জিএম সেলিমকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ভোরে মহাসড়কের ফালগুনকরা এলাকায় পাংচারকৃত চাকা মেরামত করার সময় মিনি পিকআপ (চট্ট মেট্রো-ন-১৮-৯৩৩৪) চালক ইমরান হোসেনকে অজ্ঞাতনামা গাড়ি স্বজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে রোববার রাতে চৌদ্দগ্রাম মডেল থানার সামনে সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন নজির আহমেদ। স্থানীরা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বলেন, সোমবার ভোরে মহাসড়কের ফালগুনকরা এলাকা থেকে নিহত চালকের লাশ উদ্ধার শেষে ফাঁড়িতে আনা হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।