কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ১

ফন্ট সাইজ:

ঢাকার কেরানীগঞ্জের আতাশুরে আটতলা ভবনের ছাদে একটি প্লাস্টিকের খেলনা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাকিব নামে এক শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক। আহতদের একজন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান জানান, কারখানাটিতে ৭ জন শ্রমিক কাজ করছিলেন।

এ সময় শ্রমিকরা তাদের কারখানায় তৈরিকৃত খেলনায় বিভিন্ন রংয়ের স্প্রে করার সময় হঠাৎ আগুন ধরে যায়। কারখানাটিতে তারপিন থিনার, ও বিভিন্ন রংসহ অন্যান্য দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট, পোস্তগোলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও ঢাকা ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার থেকে একটি ইউনিটসহ মোট ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তবে এই কারখানায় কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।