গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী উজ্জ্বল চন্দ্র ঘোষ ওরফে লিটন (৫০) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে ইদ্রিস খলিল (৬২) ও মো. মাসুদ করিম উজ্জ্বল (৫০) নামে দু’জনকে অভিযুক্ত করা হয়েছে। তারা শ্রীপুরের কাওরাইদ বাজার এলাকার বাসিন্দা বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। লিখিত অভিযোগে উজ্জ্বল চন্দ্র ঘোষ দাবি করেন, অভিযুক্তদের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছিল। এ নিয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে একটি মামলা করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।
অভিযোগ অনুযায়ী, গত ২৫শে অক্টোবর গাজীপুর আদালত এলাকায় ব্যক্তিরা কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে তার ওপর হামলা চালান। এ সময় তাকে মারধর করা হয় এবং জমি-সংক্রান্ত বিরোধের জেরে বিভিন্ন ধরনের হুমকি দেয়া হয় বলে দাবি করেন অভিযোগকারী। এ ছাড়া জমি ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তাকে আদালতে যেতে বাধা দেয়া এবং ভবিষ্যতে মামলা-মোকদ্দমা করলে আরও ক্ষতি করার হুমকি দেয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী জানান, হামলার পর তিনি প্রাথমিক চিকিৎসা নেন। পরে নিরাপত্তা ও আইনগত প্রতিকার চেয়ে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে পুলিশের আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন অভিযোগকারী। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
