সিলেটে গত দুইদিনে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কেউ মারা গেছেন সংঘর্ষে, কেউ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সিলেটের কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলায় আফতাব উদ্দিন নামে এক যুবক নিহত হন। সোমবার ভোরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফতাবের মৃত্যু হয়। রোববার রাত ১টার দিকে উপজেলার দুপরিরপাড় গ্রামে হামলার ঘটনা ঘটে। নিহত আফতাব উদ্দিন দুপরিরপাড় গ্রামের কালা মিয়ার ছেলে।
পুলিশ জানায়— পুকুরের মালিকানা নিয়ে আফতাবের পরিবারের সঙ্গে তার চাচা আব্দুল হালিমের ছেলেদের বিরোধ চলে আসছিল। রোববার রাত সাড়ে ১২টার দিকে আফতাব ও তার সহযোগী জাহাঙ্গীর আলম পুকুরে সেচ দিয়ে মাছ ধরছিলেন। এ সময় আফতাবের চাচাতো ভাইসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি উজমান গণি জানিয়েছেন— এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়ের করা হয়েছে। জকিগঞ্জে ছেলের হামলায় গুরুতর আহত মা পিয়ারা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আড়াই বছরের শিশুকন্যাসহ পরিবারের আরও চার সদস্য গুরুতর আহত হয়েছেন। পিয়ারা বেগম জকিগঞ্জ পৌর এলাকার পঙ্গবট গ্রামের মৃত ফয়জুল ইসলামের স্ত্রী। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিবারের সদস্যদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে সুমন লাঠি দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তার মা পিয়ারা বেগম, সৎমা কুটিনা বেগম, ভাই শাহীন আহমদ, ভাইয়ের স্ত্রী শাহানা বেগম এবং আড়াই বছরের ভাতিজি ইশরাত জাহান গুরুতর আহত হন। এ ঘটনায় আহত পিয়ারা বেগমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার রাতে মৃত্যু হয়।
জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন— ছেলের হামলায় আহত পিয়ারা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার পর পরই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সুমন আহমদকে তার বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে রোববার একদিনের বিভিন্ন সময়ে সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে যুবক, কাজলশাহ এলাকা থেকে নারী ও জৈন্তাপুর এলাকা থেকে মধ্যবয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওইদিন বিকালে নগরীর কাজলশাহ মসজিদের পার্শ্ববর্তী রাস্তার পাশ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে সন্ধ্যা পর্যন্ত পুলিশ ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি। পুলিশ জানায়- কাজলশাহ মসজিদের পার্শ্ববর্তী রাস্তার পাশে অজ্ঞাত এক নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। এরপর বেলা ৩টার দিকে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে প্রেরণ করে। কোতোয়ালি থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির জানিয়েছেন— মারা যাওয়া নারীর নাম, ঠিকানা ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। লাশ হিমাগারে রাখা হয়েছে। ওইদিন সকালে দক্ষিণ সুরমা থানা পুলিশ সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে। ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর হবে বলে জানিয়েছে পুলিশ। দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফ উজ্জামান জানান, মারা যাওয়া ওই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি ভবঘুরে।
রোববার জৈন্তাপুরে তৈয়ব আলী ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকা থেকে নুরুল হোসেন নামের এক ফেরিওয়ালার মরদেহ উদ্ধার করে পুলিশ। নুরুল হোসেনের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর এলাকায়। তিনি ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়— রোববার দুপুর সাড়ে ১টার দিকে জৈন্তাপুর থানার পুলিশ তৈয়ব আলী ডিগ্রি কলেজের পাশের এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে। এ সময় তার পাশে স্যান্ডেলভর্তি একটি ঝুড়ি পাওয়া যায়। জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের প্রাথমিক ধারণা, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
