মাদারীপুরের কালকিনিতে দুর্বৃত্তের হামলায় ১৯টি বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার ভোর ৫টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের টুমচর এলাকায় এ ঘটনা ঘটে। তাইজুল সরদারের মৃত্যুকে কেন্দ্র করে তার সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে ভুক্তভোগী পরিবারগুলোর দাবি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোররাত ৫টার দিকে দুই থেকে তিন শতাধিক লোকজন আলীনগর ইউনিয়নের টুমচর এলাকায় ঢুকে আলিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারসহ তার দলবল ও কর্মী-সমর্থকদের বাড়িতে অগ্নিসংযোগ লুটপাট ও ভাঙচুর চালায়। এতে প্রায় ১৯টি বসতবাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং সকল মালামাল ভাঙচুর করে অগ্নিসংযোগ ঘটিয়ে ও লুটপাট করে নগদ অর্থসহ স্বর্ণালংকার নিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ এবং নিয়ন্ত্রণে নেয়া হয় ওই এলাকা।
তবে ভুক্তভোগী পরিবারগুলো জানায়, গত ২২শে অক্টোবর মিলন চেয়ারম্যানের ওপর হামলা করতে এসে হামলাকারী তাইজুল কালীগঞ্জ বাজারে নিহত হন। সেই ঘটনার জের ধরেই এ ঘটনা ঘটিয়েছে তারা। এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম জানান, আক্রমণ ও অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
