কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে রাইডার ইউসুফ হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারে এ ঘটনা ঘটে। তিনি কনকাপৈত বাজার সংলগ্ন কনকাপৈত দক্ষিণ পাড়ার ইজ্জত আলীর ছেলে ও ব্যাংক কর্মকর্তা কাজী একরামের ছোট ভাই। সোমবার দুপুরে মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার।
জানা গেছে, গত ২-৩ দিন আগে কনকাপৈত স্কুল মাঠে বালু লোড-আনলোড নিয়ে বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারের ফারিহা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের মালিকানাধীন ট্রাক্টরের চালকের সঙ্গে রাইডার কাজী মো. ইউসুফের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। ওই সময় আবুল কালাম আজাদ রাইডার কাজী মো. ইউসুফকে আমজাদের বাজার সীমানায় যেতে নিষেধ করে হুমকি দেন। সোমবার সকালে কাজী মো. ইউসুফ আমজাদের বাজারে গেলে ফারিহা এন্টারপ্রাইজ এলাকায় তার ওপর হামলা করে আবুল কালাম আজাদ গং। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে স্বজনরা খবর পেয়ে কাজী মো. ইউসুফকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত কাজী মো. ইউসুফ ইসলামী সংগীতশিল্পী হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে তিনি জীবিকার প্রয়োজনে মোটরসাইকেল রাইডার হিসেবে কাজ করতেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুী বলেন, ইউসুফ হোসেন নামে অসুস্থ একজনকে স্বজনরা হাসপাতালে এনেছে। অবস্থা ক্রিটিক্যাল হওয়ায় প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে। চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, ট্রাক্টরে বালুর লোড-আনলোড নিয়ে কাজী ইউসুফ নামের একজনের বাকবিতণ্ডা হয়েছে। সোমবার সকালে আমজাদের বাজারে গেলে তার ওপর হামলার ঘটনা ঘটে। তবে শুনেছি, হার্ট অ্যাটাকে মারা গেছে। তারপরও পুলিশ পাঠানো হয়েছে, পরে বিস্তারিত জানা যাবে।
