ময়মনসিংহের তারাকান্দায় বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় বিরোধ থামাতে গিয়ে আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়েন জাহেরা খাতুন (৭০) নামে এক বৃদ্ধা। পরে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। রোববার দুপুর ১টার দিকে তারাকান্দা উপজেলার ডৌহাতলী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, বসতভিটার জমি নিয়ে সেলিম আকন্দ ও দেলোয়ার আকন্দের মধ্যে বিরোধের জেরে মারামারি শুরু হয়। এ সময় জাহেরা খাতুন তাদের বিরোধ থামাতে এগিয়ে গেলে মো. দেলোয়ার হোসেন আকন্দ তাকে আঘাত করে বলে অভিযোগ রয়েছে। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। জাহেরা খাতুন ডৌহাতলী গ্রামের বাসিন্দা।
তার স্বামী মৃত এ কে এম আবুল হোসেন সরকার। তারাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন চন্দ্র পাল জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
