রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে জুমক্ষেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনার খবর জানা যায়। নিহত হরিমনি ত্রিপুরা রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বলিপাড়া এলাকার ওমাই প্রু ত্রিপুরার ছেলে। নিহতের বড় ভাই জন ত্রিপুরা জানান, সোমবার পাহাড়ে জুমক্ষেত থেকে ধান আনতে গিয়েছিলেন হরিমনি। এ সময় পাহাড়ের উপর থেকে হঠাৎ একদল বন্য শূকর নেমে এসে তাকে আক্রমণ করে। আশপাশে কেউ না থাকায় তিনি পালানোর চেষ্টা করেন।
তবে শূকরের সামনে পড়ে গেলে সেগুলোর আক্রমণে তার শরীর ক্ষতবিক্ষত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, পরে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ নেই।
ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এলাকায় নিয়ে আসার পর তাকে বিষয়টি জানান। এলাকাটি দুর্গম ও দূরবর্তী হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো সম্ভব হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন। চেয়ারম্যান আরও জানান, ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।
