দিরাইয়ে ভিডব্লিউবি তালিকায় ইউপি সদস্যের সরকারি চাকরজীবী ছেলের বউ

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ডলি রানী দাসের বিরুদ্ধে ভিডব্লিউবি কর্মসূচির তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি নীতিমালা অমান্য করে নিজের সরকারি চাকরিজীবী ছেলের বউকে ভিডব্লিউবি তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। তার ছেলে বিশ্বজিৎ দাস বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে চাকরি করেন। কিন্তু ২০২৫-২০২৬ চক্রের ভিডব্লিউবি তালিকায় তার স্ত্রী চায়না রানী দাসের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়াও বর্তমান তালিকায় আরও কয়েকজন এমন নারীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা ইতোমধ্যে সরকারের অন্য সুবিধা পাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে ৫নম্বর ওয়ার্ডের স্বাধীন দেবনাথের স্ত্রী সীতা দেবী এবং বিনোদ বিহারি তালুকদারের স্ত্রী বিভা রানী তালুকদার সরকারের ফেয়ার প্রাইস কর্মসূচির উপকারভোগী। স্থানীয়দের দাবি, এর আগেও ডলির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। ২০২৪-২০২৫ চক্রের ভিডব্লিউবি তালিকা প্রণয়ন ও চাল বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, শেষ কিস্তির চাল বিতরণের আগে খরচের অজুহাতে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের উপকারভোগীদের কাছ থেকে ১-২ হাজার টাকা পর্যন্ত আদায় করেন ডলি রানী। পরে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিলে তিনি বাড়ি বাড়ি গিয়ে সেই টাকা ফেরত দেন। এছাড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজ নিয়েও তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, এমনটা হয়ে থাকলে তদন্ত করে সংশ্লিষ্টদের নাম তালিকা থেকে বাদ দেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন