দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন এ অভিনেতার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে। আপাতত তাকে কেমোথেরাপি দিতে হচ্ছে না। ওষুধের মাধ্যমেই তার চিকিৎসা চলছে। তার শারীরিক উন্নতিতে আশাবাদী লন্ডনের চিকিৎসকরা। গত ২২শে অক্টোবর ছিল ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’। দিবসটি উপলক্ষে দেয়া এক বিবৃতিতে ইলিয়াস কাঞ্চন নিজের অসুস্থতার কথা উল্লেখ করে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন থাকলেও তার মন পড়ে আছে দেশের মানুষের কাছে এবং নিরাপদ সড়কের আন্দোলনে।
অসুস্থতার সময়ে যারা তার খোঁজ নিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন ও সুস্থতার জন্য দোয়া করেছেন- তাদের সবার প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, দেশে না থাকলেও নিসচা’র কার্যক্রম থেমে থাকবে না। সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ইতিহাস ও আদর্শ ধারণ করে তথ্যভিত্তিক কথা বলা এবং সড়ক নিরাপত্তার আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান তিনি। ১৯৯৩ সালে সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর সড়ক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ‘নিরাপদ সড়ক চাই’ প্রতিষ্ঠা করেন ইলিয়াস কাঞ্চন। দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় ২০১৭ সালে সরকার ২২শে অক্টোবরকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ঘোষণা করে।
