কৃতি শ্যাননের নতুন সিদ্ধান্ত

কৃতি শ্যাননের নতুন সিদ্ধান্ত

ফন্ট সাইজ:

অভিনয়, গ্ল্যামার, নাচ ও ফিটনেস- সবমিলিয়ে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীতে পরিণত হয়েছেন কৃতি শ্যানন। ২০১৪ সালে ‘হিরোপন্তি’ ছবি দিয়ে তার ক্যারিয়ার শুরু। প্রথম ছবিতেই বুঝিয়ে দিয়েছিলেন যে, বলিউডে স্থায়ী আসন গড়তে চলেছেন তিনি। এরপর বিভিন্ন ছবিতে নানা ধরনের চরিত্রে অভিনয় করে নিজেকে ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন তিনি। কমেডি, রোমান্টিক, থ্রিলার, অ্যাকশন- প্রায় সব ধরনের ছবিতেই অভিনয় করা হয়ে গেছে তার।

সবশেষ চলতি বছর ‘ককটেল-২’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। বলিউড বক্স অফিসে খুব বেশি চমক দেখাতে না পারলেও রাশমিকার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন কৃতি। অনেকে আবার রাশমিকার চাইতেও এ ছবিতে এগিয়ে রেখেছেন কৃতিকে। বর্তমানে কৃতির হাতে রয়েছে কমপক্ষে হাফ ডজন নতুন ছবির প্রস্তাব। তবে ক্যারিয়ারের এ পর্যায়ে এসে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। এখন থেকে কাজ কমিয়ে দেবেন। বছরে দু’-একটির বেশি ছবিতে তাকে আর দেখা যাবে না। এ বিষয়ে কৃতি শ্যানন বলেন, ১২ বছরের ক্যারিয়ারে অনেক কাজ করেছি।

প্রথম দিকে না বুঝেও কিছু কাজ করা হয়েছে। তবে এখন থেকে এ ব্যাপারে সচেতন হতে চাই। আরও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চাই। সব ধরনের ছবিতে আর অভিনয় করা হবে না আমার। গল্প, চরিত্রসহ সব কিছু মনমতো হলেই কেবল কাজ করবো। হয়তো বছরে দু’-একটির বেশি ছবিতে আর কাজ করবো না।