বিদায়নিশ্চিত, তবু ইতিহাস গড়ল ফর্টিস

বিদায়নিশ্চিত, তবু ইতিহাস গড়ল ফর্টিস

ফন্ট সাইজ:

এএফসি চ্যালেঞ্জ লীগের গ্রুপ পর্ব থেকে বিদায় আগেই নিশ্চিত হয়েছিল ফর্টিস এফসির। প্রথম দুই ম্যাচে হারের পর শেষ ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতা। কিন্তু সেই ম্যাচকেই স্মরণীয় করে রাখল বাংলাদেশের ক্লাবটি। শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে তাজিকিস্তানের এফসি রেগার-তাদাজকে ৩-১ গোলে হারিয়েছে ফর্টিস। এএফসি চ্যালেঞ্জ লীগের মূল পর্বে বাংলাদেশের কোনো ক্লাবের এটিই প্রথম জয়।


শুক্রবার সন্ধ্যায় কুয়েতের হাওয়ালিতে মোহামেদ আল হামাদ স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে শুরুটা ভালো হয়নি ফর্টিসের। ১২ মিনিটে শেরজোদ মাখামাদিয়েভের গোলে এগিয়ে যায় রেগার-তাদাজ। তবে পাঁচ মিনিট পরই ম্যাচের চিত্র বদলে যাওয়ার ইঙ্গিত মেলে। ফর্টিসের জাপানি মিডফিল্ডার নরিকি আকাদাকে মারাত্মক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন তাজিক ক্লাবের ডিফেন্ডার তকাম সেভেরিন। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় রেগার-তাদাজকে।


সংখ্যায় এগিয়ে থেকেও প্রথমার্ধে সেই সুবিধা কাজে লাগাতে পারেনি ফর্টিস। ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশের ক্লাবটি। তবে দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড়দের কার্যকর ব্যবহার এবং গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর বাবুর নৈপুণ্যে পাল্টে যায় ম্যাচের চিত্র। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়িয়ে তিন গোল আদায় করে নেয় ফর্টিস।


৬৭ মিনিটে পা ওমর বাবুর নিখুঁত পাস থেকে রাফায়েল টুডুর দুর্দান্ত ব্যাকহিলে সমতায় ফেরে ফর্টিস। গোলটি যেন নতুন করে আত্মবিশ্বাস জোগায় বাংলাদেশের দলটিকে। এর চার মিনিট পরই এগিয়ে যায় তারা। কর্নার থেকে আসা বলে নেপালি ডিফেন্ডার অনন্ত তামাংয়ের হেডের পর পাওয়া সুযোগ কাজে লাগিয়ে জোরালো শটে জাল খুঁজে নেন শিয়ান কাওয়াসাকি। ৭১ মিনিটে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ফর্টিস।


শেষ দিকে ব্যবধান বাড়ানোর চেষ্টা অব্যাহত রাখে দলটি। ৮৮ মিনিটে পা ওমর বাবুর বাড়িয়ে দেওয়া বল ধরে চমৎকার ফিনিশিংয়ে ব্যবধান ৩-১ করেন বদলি হিসেবে নামা জাপানি মিডফিল্ডার শুকি ইতোফুসা। তাতেই নিশ্চিত হয় ফর্টিসের ঐতিহাসিক জয়।


অথচ এই ম্যাচের আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের ক্লাবটির। প্রথম ম্যাচে কুয়েতের আল কাদসিয়ার কাছে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে ভারতের এফসি গোয়ার কাছে ২-১ গোলে হেরেছিল ফর্টিস। ফলে শেষ ম্যাচে জয় পেলেও পরবর্তী পর্বে যাওয়ার সুযোগ ছিল না তাদের। তবু হতাশার সেই অভিযান শেষ হলো বড় এক প্রাপ্তিতে।