ঈশানের চোটে কপাল খুলছে সূর্যবংশীর!

ঈশানের চোটে কপাল খুলছে সূর্যবংশীর!

ফন্ট সাইজ:

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না ভারতের উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান। কুঁচকির চোটে ছিটকে গেছেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ডান পায়ের অ্যাডাক্টর পেশিতে চোট পেয়েছেন ঈশান। সেই ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছিল ভারত।



গতকাল সংবাদ সম্মেলনে ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক বলেন, ‘ঈশানের কুঁচকিতে সামান্য চোট রয়েছে। ব্যাটিং অর্ডারে পরিবর্তন নিয়ে নানা আলোচনা হচ্ছিল। তবে সেটি আসলে পরিকল্পিত কোনো পরিবর্তন ছিল না। কুঁচকির চোটের কারণেই এমনটা হয়েছে। আমার মনে হয়, একটি ম্যাচে ওর খেলা কঠিন।’ ঈশান খেলতে না পারলে তার জায়গায় একাদশে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন বৈভব সূর্যবংশী। দলে স্বীকৃত ব্যাটার হিসেবে বিকল্প হিসেবে রয়েছেন এই তরুণ। এশিয়ান গেমসের পর থেকে ভারতের একাদশে খেলার সুযোগ পাননি তিনি। তবে দলের দুই নিয়মিত ওপেনার দারুণ ছন্দে থাকায় তার অপেক্ষা আরও দীর্ঘ হওয়ার সম্ভাবনা ছিল। ঈশানের চোটে সেই পরিস্থিতি বদলে যেতে পারে। কোচ কোটাক জানিয়েছেন, ঈশান পুরোপুরি সুস্থ না হলে ব্যাটার হিসেবে বৈভবকে বিবেচনায় রাখা হবে। কোটাক বলেন, ‘ঈশান খেলতে না পারলে, চিকিৎসক দল যদি নিশ্চিত করে যে ও পুরোপুরি সুস্থ নয়; তাহলে ব্যাটার হিসেবে বৈভব অবশ্যই বিবেচনায় আসবে। খেলার জন্য সে অন্যতম শক্তিশালী বিকল্প।’ বৈভব ছাড়াও ভারতের হাতে রয়েছে শিবম দুবের বিকল্প। ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস বোলিংয়েও অবদান রাখতে পারেন এই অলরাউন্ডার। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালেই হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। এরপর ওয়েলিংটন, অকল্যান্ড ও হ্যামিল্টনে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি তিন ম্যাচ।
​