‘এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি’- বাংলা সিনেমার কালজয়ী এ গানটি প্রয়াত অমর নায়ক সালমান শাহ ও চিত্রনায়িকা শিল্পী অভিনীত রানা নাসের পরিচালিত ‘প্রিয়জন’ সিনেমার। এই গান যেমন দর্শকের এখনো পছন্দের, সেইসঙ্গে এই গান যে সিনেমার- সেই সিনেমাটিও দর্শকের ভীষণ প্রিয়। আর সিনেমার নায়ক সালমান শাহ তো দর্শকের আজীবন ভালোবাসার এক নায়ক। সিনেমাটিতে সালমান শাহ’র নায়িকা হিসেবে অভিনয় করে শিল্পীও যেন দর্শকের ভালোবাসার নায়িকা হয়েই রয়ে গেলেন।
সালমান শাহ’র সঙ্গে অভিনয় করেছেন এমন বেশ কয়েকজন নায়িকার তেমন কোনো খোঁজখবর না থাকলেও শিল্পীর খোঁজখবর মাঝে মাঝে তার ভক্তরা পেয়ে থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমে, সংবাদমাধ্যমে। এ বিষয়ে শিল্পী বলেন, অভিনয় জগতে আমি নেই আজ এক যুগেরও বেশি সময় ধরে। কিন্তু তারপরও দর্শক এখনো আমাকে খোঁজেন, এখনো কাজে ফিরবো কি না- তা প্রশ্ন করেন। এই ভালোবাসা আমার জন্য বিশাল পাওয়া। হ্যাঁ এটাও সত্যি যে, সালমানের সঙ্গে ‘প্রিয়জন’ সিনেমাতে অভিনয় করার কারণে দর্শক আমাকে বেশি মনে রেখেছেন।
কারণ এই সিনেমাটি গল্পের কারণে দর্শকের কাছে ভীষণ ভালোলাগায় রূপান্তরিত হয়েছিল, তেমনি এই সিনেমার ‘এ জীবনে যারে চেয়েছি’ গানটিও এখনো তাদের ভালোলাগার একটি গান। আঞ্জুমান শিল্পী চলচ্চিত্রে আসার আগে নারায়ণগঞ্জ জেলার শকুন্তলা নাট্যগোষ্ঠীর হয়ে বিভিন্ন মঞ্চনাটকে অভিনয় করেছেন। ‘নাগ নর্তকী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার সিনেমায় অভিষেক হয়। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হলো ‘বাংলার কমান্ডো’; যেটি ১৯৯৫ সালের ৫ই মে মুক্তি পায়। এরপর ১৯৯৬ সালে তিনি সালমান শাহ’র বিপরীতে ‘প্রিয়জন’ চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর আরও বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি। তবে ২০০০ সালের পর তিনি চলচ্চিত্রাঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেন।
