চিত্রনায়িকা শিরিন শিলা কিছুদিন আগে কানাডাতে শুরু করেছেন বাবরের পরিচালনায় ‘ভায়োলেন্স’ নামের একটি সিনেমা। এ সিনেমার শুটিং চলাকালীন সময়ই কিছুদিন আগে তিনি কানাডা থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গিয়েছিলেন। সেখানে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’-এ সিনেমার একজন অভিনেত্রী হিসেবে অ্যাওয়ার্ডও পান। ২০১৪ সাল থেকে শিলা সিনেমায় অভিনয় করছেন। সে হিসাবে অভিনয়ে এক যুগ পার করেছেন তিনি। শিরিন শিলা বলেন, সিনেমাতে আমার অভিনয় জীবন শুরু হয় শাকিব খানের সঙ্গে। এরপর আরও বহু সিনেমায় অভিনয় করেছি। দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছি। দর্শকের এ ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। এর পাশাপাশি দেশ-বিদেশে বিভিন্ন সংগঠন থেকে প্রাপ্ত শ্রেষ্ঠত্বের সম্মাননাগুলোও আমার জীবনের চলার পথের অনেক বড় অনুপ্রেরণা।
এ প্রাপ্তিগুলো আমাকে আগামীর পথে এগিয়ে যেতে ভীষণভাবে অনুপ্রেরণা দিয়েছে। আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি সংবাদ মাধ্যমের প্রতি, সাংবাদিক ভাই-বোনদের প্রতি- তারাও সব সময় আমার বিপদে-আপদে পাশে ছিলেন। ধন্যবাদ আমার মা ও ভাইকে, কঠিন সময়ে আমার পাশে থাকার জন্য। আর দেখতে দেখতে সিনেমায় এক যুগ পার হয়ে গেল। ভাবতে গেলেই অবাক হই, এত দ্রুত সময় চলে গেল। এখনো সিনেমা নিয়ে আমার কতো কতো স্বপ্ন। ২০১৪ সালের ৬ই অক্টোবর ঈদে শিরিন শিলা অভিনীত ‘হিটম্যান’ সিনেমাটি মুক্তি পায়। এতে তার নায়ক ছিলেন শাকিব খান। এরপর শিলা অভিনীত ‘ক্ষণিকের ভালোবাসা’, ‘মিয়া বিবি রাজি’, ‘মন জানে না মনের ঠিকানা’, ‘বেগম জান’, ‘ঘর ভাঙ্গা সংসার’, ‘শেষ বাজি’, ‘ডাইরেক্ট অ্যাটাক’, ‘নদীর জলে শাপলা ভাসে’, ‘বীরাঙ্গনা ৭১’ সিনেমাগুলো মুক্তি পায়।
