ঢাকাগামী ফারহান-৪ লঞ্চে এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় নোয়াখালীর হাতিয়াতে এনসিপি-যুবশক্তি ও যুবদলের পাল্টাপাল্টি মিছিলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছে। গত মঙ্গলবার রাতে হাতিয়া উপজেলার ওছখালী শহরে উভয়পক্ষের মিছিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ধর্ষকদের বিচার চেয়ে রাত ৮টার দিকে এনসিপি এবং যুবশক্তি একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলার জিরো পয়েন্টের দিকে যায়। তার উত্তর দিক থেকে যুবদলের একটি মিছিলও একই স্থানে জড়ো হয়। পরে উভয়পক্ষের মাঝে সংঘর্ষে সৃষ্টি হয়। এসময় উপজেলা যুবশক্তির আহ্বায়ক ইউসুফ রেজা ও ছাত্র শক্তির আহ্বায়ক নিয়ামত উল্ল্যাহ নিরব আহত হয়। অপরদিকে প্রতিপক্ষের ইটপাটকেলের আঘাতে উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস ও পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম দুখুসহ আরও দুইজন আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ বিষয়ে হাতিয়া থানার ওসি কবির হোসেন বলেন, দুই দল পাল্টাপাল্টি মিছিল বের করলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
উল্লেখ্য, গত ৮ই ফেব্রুয়ারি হাতিয়া তমরুদ্দি লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এমভি ফারহান-০৪ লঞ্চে ধর্ষণের ঘটনা ঘটে। ভিকটিম রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। পরে পুলিশ অভিযুক্তদের আটক করে। গত সোমবার ভিক্টিমের ভাই বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে। ধর্ষকরা হলো- মোহাম্মদ সাকিব উদ্দিন (২৬) হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়ন ৮নং ওয়ার্ড পশ্চিম বড়দেইল গ্রামের সাহাব উদ্দিনের ছেলে ও মোহাম্মদ নুরুজ্জামান মিঠু (৩২) একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড জোটখালী গ্রামের আবুল কালামের ছেলে।
