ব্রহ্মপুত্র নদ থেকে জেলের জালে উঠে এলো সরকারি দুই বস্তা ওষুধ

ফন্ট সাইজ:

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাছ ধরার জালে উঠে এলো দুই বস্তা সরকারি ওষুধ। খবর পেয়ে পুলিশ ওষুধগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। বুধবার বেলা ১১টায় উপজেলার তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে দুই বস্তা সরকারি ওষুধ জব্দ করা হয়। সকাল ১১টার দিকে স্থানীয় জেলেরা ব্রহ্মপুত্র নদে জাল ফেলে মাছ ধরার জন্য। কিন্তু জাল টেনে তোলার সময় মুখবাঁধা দু’টি বড় পাটের বস্তা দেখতে পান।

এ সময় স্থানীয় লোকজন বস্তায় মরদেহ থাকতে পারে ভয়ে গফরগাঁও থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশের উপস্থিতিতে বস্তার মুখ খুলে ভেতরে সরকারি হাসপাতালের বিভিন্ন প্রকারের ওষুধ পাওয়া যায়। পুলিশ ওষুধভর্তি দুটি বস্তা থানায় নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, আমি যতদূর শুনেছি বস্তাভর্তি ওষুধগুলো ২০২৩ সালের। ওই সময় কেউ হয়তো নদীতে ফেলে থাকতে পারে।

ওষুধের প্যাকেট পচনশীল না হওয়ায় এবং বস্তাভর্তি থাকায় নদীর নিচে ওই অবস্থায় রয়ে গেছে। তিনি বলেন, উদ্ধারকৃত ওষুধগুলোর বিষয়ে থানা পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে। তদন্তের জন্য যেকোনো ধরনের সহযোগিতা করা হবে। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন