জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলায় রাজসাক্ষী এসআই শেখ আবজালুল হক কারামুক্ত হয়েছেন। এ নিয়ে জুলাই আন্দোলনের প্রথম কোনো মামলার আসামি কারামুক্ত হয়েছে। গত ১৩ই অক্টোবর তিনি মুক্তি পান বলে পরিবারের একটি সূত্র মানবজমিনকে নিশ্চিত করেছেন।
২০২৫ সালের ১১ই সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা করা হয়। আন্দোলন চলাকালে ৫ই আগস্ট আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোসহ ৭ জনকে হত্যার অভিযোগে করা এই মামলায় মোট আসামি ১৬ জন। তাদের মধ্যে ৮ আসামি গ্রেপ্তার ছিলেন। অন্য ৮ আসামি পলাতক। একই বছরের ২১শে আগস্ট এই মামলায় সাবেক উপপরিদর্শক (এসআই) শেখ আবজালুল হক ‘অ্যাপ্রুভার’ হওয়ার আবেদন করেন। অতপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তার অ্যাপ্রুভার হওয়ার আবেদন গ্রহন করেন। সে বছরের ১৯শে নভেম্বর মামলায় রাজসাক্ষী হয়ে ক্ষমা চেয়ে জবানবন্দি দেন আবজালুল হক।
পরে, ২০২৬ সালের ৫ই ফেব্রুয়ারী আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ ৭ জনকে হত্যার ঘটনায় করা এই মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এছাড়া ৭ জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। দুজনকে ৭ বছর করে কারাদণ্ড। আর শেখ আবজালুল হক কে ক্ষমা করে দেয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় দেন।
