এবার ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডির কমিটি বাতিল

এবার ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডির কমিটি বাতিল

ফন্ট সাইজ:

সম্প্রতি স্থগিত করা হয়েছে সারা দেশের স্কুল-কলেজগুলোর গভর্নিং বডি কমিটি। এবার সারা দেশের ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডির কমিটি বাতিল করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার বিকেলে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. এ. কে. মুহা: নুরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৫ই অক্টোবর অনুষ্ঠিত ৪৩ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল ও কামিল মাদ্রাসাসমূহের গভর্নিং বডি/এডহক কমিটি বাতিল করা হলো।

অফিস আদেশে আরও বলা হয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল ও কামিল মাদ্রাসাসমূহের এডহক কমিটি গঠনের লক্ষ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় তৃতীয় সংবিধি-২০২৩ (খ) এর ধারা (১) খ (১), (৩) মোতাবেক সভাপতি হিসেবে জেলা সদরে অবস্থিত মাদ্রাসায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা সদরের বাইরে অবস্থিত মাদ্রাসার ক্ষেত্রে অতিরিক্ত জেলা প্রশাসক এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে জেলা পর্যায়ে জেলা শিক্ষা অফিসার ও উপজেলা পর্যায়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার-কে মনোনয়ন প্রদান করা হলো।

আদেশে বলা হয়, মাদ্রাসাসমূহকে দ্রুততম সময়ের মধ্যে বিধি অনুযায়ী নির্ধারিত ফরমে এডহক কমিটি অনুমোদনের প্রস্তাব প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।